ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহ আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। তাকে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কারণে জাহাঙ্গীর আলমকে ২৬ সেপ্টেম্বর অপরাহ্ণ থেকে কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

এদিকে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা নিয়ে আলোচনা চলছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্টরা জানান।

ডিএমপির গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের সহকারী পুলিশ কমিশনার নাজমুল হক জানান, স্টুডিওতে হামলার ঘটনাটি একটি জমি নিয়ে দুই পক্ষের বিরোধের মধ্যে ঘটে। তার ভাষ্য, একটি পক্ষ তাদের জমিতে যেতে পারছিল না। তারা লোকজন নিয়ে সেখানে গেলে দুই পক্ষের বিরোধের মধ্যে সালমান মুক্তাদিরের স্টুডিও পড়ে যায় এবং সেখানে ভাঙচুর করা হয়।

পুলিশ কর্মকর্তা বলেন, যারা সেখানে গিয়েছিলেন, তারা স্টুডিওটি সালমান মুক্তাদিরের, এ বিষয়টি জানতেন না। জমি নিয়ে দুই পক্ষের বিরোধের মধ্যেই ঘটনাটি ঘটে।

তবে ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহারের সঙ্গে স্টুডিওতে ভাঙচুরের ঘটনার কোনো সম্পর্ক আছে কি না, অফিস আদেশে তা উল্লেখ করা হয়নি।