জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ ও নিউইয়র্ক সফর নিয়ে সোমবার (২৮ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিকেল ৩টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবনের ৭০১ নম্বর সম্মেলনকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে অংশ নিয়ে প্রতিবেদন প্রকাশের জন্য গণমাধ্যমকর্মীদের আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ২১ সেপ্টেম্বর সফরসঙ্গীদের নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেন তিনি।

সফরকালে জাতিসংঘ অধিবেশনের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি একাধিক দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেন প্রধানমন্ত্রী। বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজ এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া প্রাতরাশেও অংশ নেন।

সফর শেষে প্রধানমন্ত্রী রোববার সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইট নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে।