নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও নিয়োগপত্র না পাওয়ার অভিযোগে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগবঞ্চিত প্রার্থীরা।
রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনের সড়কে অবস্থান নেন তারা।
এর আগে সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে আসা আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন। পরে সেখান থেকে মিছিল নিয়ে শাহবাগে গিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন।
এর আগের দিন শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে রোববার সমাবেশ করার ঘোষণা দিয়েছিলেন নিয়োগবঞ্চিত প্রার্থীরা।
আন্দোলনকারীরা ‘সারা বাংলাদেশের নিয়োগপত্র বঞ্চিত শিক্ষকবৃন্দ’ নামে একটি প্ল্যাটফর্মের মাধ্যমে কর্মসূচি পালন করছেন।
প্ল্যাটফর্মটির দাবি, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ১৪ হাজার ৩৮৪ জন নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হলেও ভেরিফিকেশন শেষে অন্তত ২ হাজার প্রার্থীর নিয়োগপত্র ইস্যু করা হয়নি।
নিয়োগপত্র পাওয়ার দাবিতে দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা।



মন্তব্য করুন