দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৮ জন।
রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২০ জনে। এর মধ্যে আগস্টে ৪৩ জন, সেপ্টেম্বরে ২৬ দিনে ১২৮ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজন মারা গেছেন। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে মারা গেছেন দুজন করে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ১৫৮ জনসহ চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ হাজার ৬৯৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ হাজার ৭৫৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮ হাজার ৬ জন।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৬৬৪ জন। এছাড়া চট্টগ্রামে ৩৪৫, খুলনায় ৩২৯, বরিশালে ২২৭, রাজশাহীতে ১৭৬, ময়মনসিংহে ১৩২ এবং রংপুরে ৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।



মন্তব্য করুন