সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশোধনী এমনভাবে করা হবে, যাতে সমাজের সব স্তরের মানুষ সুরক্ষা পান বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীতে সংশোধনী প্রস্তাব নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনায় তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনটি গণমাধ্যমকে লক্ষ্য করে করা হয়নি। সাংবাদিকরা যাতে অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার আগে আদালতের অনুমতির বিধান রাখার প্রস্তাব করা হয়েছে।
তিনি জানান, আপিল নিষ্পত্তির ক্ষেত্রেও নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের প্রস্তাব রয়েছে, যাতে কোনো ব্যক্তি অনির্দিষ্টকাল আইনি প্রক্রিয়ায় আটকে না থাকেন।
সংশোধনী নিয়ে আরও মতামত নিতে একটি সমন্বিত প্রক্রিয়া চালানো হবে। এতে তথ্যপ্রযুক্তি ও তথ্য মন্ত্রণালয়, সম্পাদক পরিষদ, ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের পাশাপাশি সাইবার বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাত থেকে ১৫ দিনের মধ্যে অংশীজনদের সুপারিশ পাওয়া যাবে। এরপর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। কেবিনেটে পাঠানোর আগে সংশোধনী প্রস্তাব ওয়েবসাইটে প্রকাশ করে জনগণের মতামত নেওয়া হবে।
পরে বিধি অনুযায়ী আন্তমন্ত্রণালয় সভা ও কেবিনেটের অনুমোদনের পর বিলটি সংসদে উপস্থাপন করা হবে। সংসদেও বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, তাড়াহুড়া করে আইনটি পাস করা হবে না। আলোচনার মাধ্যমে এমন একটি আইন প্রণয়ন করতে চান, যার মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষ, বিশেষ করে যুবসমাজ, সুরক্ষা পাবে।

মন্তব্য করুন