সাংবাদিকদের সার্বিক কল্যাণ, ওয়েজ বোর্ড ও পেশাগত অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬ নিয়ে আয়োজিত এক পরামর্শ সভায় তিনি এ কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, প্রকৃত সাংবাদিকরা যাতে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হন এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুবিধা যাতে কেবল প্রকৃত সাংবাদিকরাই পান, তা নিশ্চিত করা প্রয়োজন। এজন্য সাংবাদিক ও গণমাধ্যমের সংজ্ঞা স্পষ্ট করার ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি সাংবাদিকদের ওয়েজ বোর্ড, পেশাগত অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য কাঠামো তৈরির কথা বলেন।

সাংবাদিকদের পেশাগত স্বীকৃতির জন্য একটি সুস্পষ্ট ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দিয়ে তিনি বার কাউন্সিলের মতো কোনো ব্যবস্থা করা যায় কি না, সে বিষয়ে সাংবাদিক সংগঠনগুলোর সুনির্দিষ্ট মতামত চান।

সভায় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, প্রধান নির্বাহী ও সাংবাদিক নেতারা বক্তব্য দেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামও সভায় বক্তব্য রাখেন।