বাংলাদেশে ইউরোপীয় দেশগুলোর বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বঙ্গভবনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল এবং ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও সুইডেনের রাষ্ট্রদূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, বর্তমান গণতান্ত্রিক পরিবেশে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে। তিনি বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্ব দেন এবং উন্নয়ন ও গণতান্ত্রিক উত্তরণে ইইউর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।
সাক্ষাতে অবৈধ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে দক্ষ জনশক্তির জন্য বৈধ অভিবাসনের সুযোগ বাড়ানোর আহ্বান জানান রাষ্ট্রপতি। আরও ইইউ সদস্য দেশকে ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ উদ্যোগে যুক্ত হওয়ার অনুরোধও করেন তিনি।
ইউরোপীয় রাষ্ট্রদূতরা বাণিজ্য, বিনিয়োগ, সুশাসন, জলবায়ু কার্যক্রম ও টেকসই উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশের সাংবিধানিক, বিচার বিভাগীয়সহ বিভিন্ন সংস্কার উদ্যোগে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান।
রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। রাষ্ট্রপতি কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য ইইউর মানবিক সহায়তা বাড়ানো এবং মিয়ানমারে তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে আরও ভূমিকা রাখার আহ্বান জানান।
সাক্ষাতে নবায়নযোগ্য জ্বালানি, সবুজ রূপান্তর, অভিবাসন, শিক্ষা, সামুদ্রিক বিষয়, প্রযুক্তি হস্তান্তর এবং আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় হয়।

মন্তব্য করুন