দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৩ জনে। এর মধ্যে সেপ্টেম্বরের ২৮ দিনেই মারা গেছেন ১৩৬ জন। আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন রোগীসহ চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ হাজার ৭৩০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ হাজার ৬৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭০ হাজার ২৫৮ জন।

নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৮০৭ জন ঢাকা বিভাগে। এছাড়া চট্টগ্রামে ৩২৩ জন, খুলনায় ২৬৭, বরিশালে ২৫৪, রাজশাহীতে ১৯৭, ময়মনসিংহে ১১৫ এবং রংপুরে ৬২ জন ভর্তি হয়েছেন।