ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬

স্বামী-সন্তান কানাডায়, বাসা থেকে নিঃসঙ্গ নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬   ২৯ বার পঠিত
স্বামী-সন্তান কানাডায়, বাসা থেকে নিঃসঙ্গ নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

ছবি: -সংগৃহীত

রাজধানীর পল্লবী থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ জানান, সেকশন-৬ এলাকার ১০ নম্বর রোডের সি ব্লকের ১৪ নম্বর বাসা থেকে বুধবার রাতে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, সেলিনা আফরোজের স্বামী মমিনুল হক ও তাঁদের দুই সন্তান দীর্ঘদিন ধরে কানাডায় বসবাস করছেন। পারিবারিক কলহের কারণে প্রায় ১২ বছর আগে কানাডা থেকে দেশে ফিরে বাবার পৈতৃক ফ্ল্যাটে একাই বসবাস শুরু করেন তিনি। একই ভবনের চারতলায় তাঁর এক বোন থাকলেও সেলিনা আলাদা ফ্ল্যাটে থাকতেন।

মো. হানিফ জানান, গত ২৬ মে রাত প্রায় ১১টার দিকে ভাতিজা আশফাকুর রহমানের সঙ্গে সেলিনা আফরোজের সর্বশেষ কথা হয়। এরপর থেকে তাঁর সঙ্গে পরিচিত কারও যোগাযোগ হয়নি বলে জানা গেছে।

পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সম্প্রতি পল্লবীর ৬ নম্বর সেকশনের ১৩ নম্বর সড়কের একটি বাসা থেকেও এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছিল। ওই ঘটনায় মৃত নারীর সন্তানদের মধ্যে একজন যুগ্মসচিব, একজন বুয়েটের শিক্ষক এবং একজন কানাডাপ্রবাসী ছিলেন। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং একাকী প্রবীণদের নিরাপত্তা ও পারিবারিক দায়িত্ববোধ নিয়ে নতুন করে প্রশ্ন তোলে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930