রাজধানীর বিভিন্ন ছাপাখানায় আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য ছাপা পাঠ্যবইয়ের কাগজ, মুদ্রণ ও সামগ্রিক গুণগত মান সরেজমিনে যাচাই করেন তিনি।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সোমবার দিবাগত রাত ১২টার পর কোনো পূর্বঘোষিত কর্মসূচি ছাড়াই রাজধানীর ছয়টি ছাপাখানায় যান মন্ত্রী। পরিদর্শন করা প্রতিষ্ঠানগুলো হলো মৌসুমী অফসেট প্রেস, ফায়িজা প্রিন্টিং প্রেস, শৈলী প্রিন্টার্স, বর্ণশিখা অফসেট প্রিন্টার্স, সোনালী ওয়েব প্রিন্টার্স এবং ন্যাশনাল প্রিন্টার্স।

পরিদর্শনের সময় মন্ত্রী পাঠ্যবই ছাপার বিভিন্ন ধাপ পর্যবেক্ষণ করেন। পাশাপাশি বই তৈরিতে ব্যবহৃত কাগজের মান, ছাপার গুণগত মান এবং নির্ধারিত শর্ত ও স্পেসিফিকেশন অনুসরণ করা হচ্ছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্টদের কাছে জানতে চান। মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা এ সময় তার সঙ্গে ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, প্রতিবছর দেশের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য বিপুলসংখ্যক পাঠ্যবই ছাপানো হয়। শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই পৌঁছে দিতে কাগজ ও মুদ্রণের মান নির্ধারিত মানদণ্ড অনুযায়ী রাখা জরুরি।

সম্প্রতি বিনামূল্যে বিতরণের পাঠ্যবইয়ের মান নিয়ে বিভিন্ন প্রশ্ন ওঠায় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে শিক্ষা মন্ত্রণালয়। এর অংশ হিসেবে ছাপাখানাগুলোতে আকস্মিক পরিদর্শন করা হচ্ছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, নির্ধারিত মান ও শর্ত অনুযায়ী বই ছাপা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করা প্রয়োজন। এ বিষয়ে ছাপাখানাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হচ্ছে।

শিক্ষার্থীদের হাতে সময়মতো মানসম্মত পাঠ্যবই পৌঁছে দেওয়াকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতেও এ ধরনের তদারকি অব্যাহত রাখার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।