এশিয়ান গেমসে ম্যাচ না খেলেই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। আজ বাংলাদেশ সময় সকাল ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে লিটন দাসদের কোয়ার্টার ফাইনাল খেলার কথা থাকলেও বৃষ্টির কারণে ম্যাচটি শেষ পর্যন্ত মাঠে গড়ায়নি।
খেলা শুরুর প্রায় সাড়ে তিন ঘণ্টা আগেই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত জানানো হয়। র্যাংকিংয়ে মালয়েশিয়ার চেয়ে এগিয়ে থাকায় কোনো বল না খেলেই সেমিফাইনালে উঠে যায় বাংলাদেশ।
বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে গেমস কর্তৃপক্ষ তাদের ম্যাচ বাতিলের সিদ্ধান্ত জানিয়েছে। ফলে দলকে স্টেডিয়ামেও যেতে হয়নি।
এর আগে গতকাল বৃষ্টির কারণে দুটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হতে পারেনি। আজ সকালে নেপাল ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। টানা বৃষ্টিতে মাঠের অবস্থা খেলার অনুপযোগী হয়ে পড়ায় বাংলাদেশের ম্যাচও নির্ধারিত সময়ের আগেই বাতিল করা হয়।
আগামী ১ অক্টোবর সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ৯টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে আবহাওয়ার পরিস্থিতির উন্নতি না হলে নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
সেমিফাইনালও যদি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, তাহলে র্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবিধা পাবে পাকিস্তান। সেক্ষেত্রে বাংলাদেশকে সরাসরি ব্রোঞ্জ পদকের ম্যাচে খেলতে হবে।
এদিকে বৃষ্টির কারণে একই ধরনের পরিস্থিতির মুখে পড়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলও। চীনের বিপক্ষে তাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ বৃষ্টির কারণে অনুষ্ঠিত হয়নি। র্যাংকিংয়ে এগিয়ে থাকায় সরাসরি সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল।



মন্তব্য করুন