রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভাঙচুরের ঘটনায় সিসিটিভি ফুটেজে যাদের শনাক্ত করা হয়েছে, তাদের কেন এখনো গ্রেপ্তার করা হয়নি—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিষয়টি আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে।

তিনি বলেন, গণমাধ্যমের অনুসন্ধানে পাওয়া তথ্য গুরুত্বপূর্ণ হলেও সেটি পুলিশের আনুষ্ঠানিক তদন্তের বিকল্প নয়। পুলিশের তদন্তের ভিত্তিতেই পরবর্তী সময়ে অভিযোগপত্র দেওয়া হবে।

জাহেদ উর রহমান বলেন, তদন্তে সংশ্লিষ্টতার বিষয়ে পুলিশ নিশ্চিত হলে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ছড়ানোর বিষয়েও কথা বলেন তিনি। সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের নাম ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তিকর বয়ান তৈরির চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

তবে সরকারের সমালোচনাকে তিনি গণতান্ত্রিক ব্যবস্থার স্বাভাবিক অংশ হিসেবে উল্লেখ করেন। তার ভাষ্য, সরকারের ভুল-ত্রুটি নিয়ে যুক্তিনির্ভর ও সত্য তথ্যের ভিত্তিতে সমালোচনা করা যেতে পারে; তবে অপতথ্যের মাধ্যমে নয়।

অপতথ্য মোকাবিলায় নতুন সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান উপদেষ্টা। আইনটি চূড়ান্ত হলে এর আওতায় অপতথ্য মোকাবিলায় আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।