হৃদরোগে আক্রান্ত হয়েই অসংক্রামক রোগগুলোর মধ্যে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হচ্ছে উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, হৃৎপিণ্ডের কোনো সতর্কসংকেত বা লক্ষণই অবহেলা করা উচিত নয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্ব হার্ট দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হৃদরোগ প্রতিরোধে সচেতনতার গুরুত্ব সবাই জানলেও বাস্তব জীবনে অনেকেই তা অনুসরণ করেন না। হৃদরোগের ক্ষেত্রে এমন অবহেলা গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। তাই শরীরে কোনো সতর্কসংকেত দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
তিনি বলেন, শুধু হৃদরোগ নয়, সংক্রামক ও অসংক্রামক বিভিন্ন রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণেও জনসচেতনতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সুস্থ জীবনযাপন, স্বাস্থ্যকর অভ্যাস এবং সময়মতো চিকিৎসা গ্রহণের মাধ্যমে অনেক হৃদরোগের ঝুঁকি কমানো সম্ভব।
অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হাসান, প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. এ এন এম মনোয়ারুল কাদিরসহ স্বাস্থ্য খাতের বিভিন্ন বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আহ্বায়ক অধ্যাপক ডা. মোহাম্মদ সফিউদ্দিন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডা. এ এফ খবির উদ্দিন আহমেদ।

মন্তব্য করুন