দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর নির্বাহী আদেশে সরকারি ছুটি দেওয়ার পরিকল্পনা করছে সরকার। ওই দিন ছুটি ঘোষণা হলে সাপ্তাহিক ছুটিসহ টানা পাঁচ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সরকারের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর সরকারি ছুটি রয়েছে। এরপর ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস খোলার কথা। এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।
২২ অক্টোবর ছুটি ঘোষণা হলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি ভোগ করা যাবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ২২ অক্টোবর ছুটি দেওয়া হলে ওই দিনের পরিবর্তে পরবর্তী কোনো ছুটির দিনে অফিস খোলা রাখার পরিকল্পনা করা হচ্ছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।
চলতি বছর ১০ অক্টোবর মহালয়া, ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।

মন্তব্য করুন