কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন ব্যাংকে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়। বিএফআইইউর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্যাংক সূত্রে জানা গেছে, সালমান মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম (এওএফ), গ্রাহকের পরিচিতি-সংক্রান্ত তথ্য (কেওয়াইসি) এবং হিসাব বিবরণী চাওয়া হয়েছে। একই সঙ্গে এসব নথির সফটকপি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া বিএফআইইউর দেওয়া নির্ধারিত ছকে হিসাবসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য, সুদ আয় এবং উৎসে করের (টিডিএস) তথ্য পূরণ করে পাঠাতে বলা হয়েছে।
লেনদেনসংক্রান্ত তথ্য তলবের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। তলব করা তথ্যের গোপনীয়তা বজায় রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
সম্প্রতি সালমান মুক্তাদিরের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হয়। ঘটনার পর তিনি প্রথমে বিএনপির লোকজনের বিরুদ্ধে চাঁদা চাওয়ার অভিযোগ তুললেও পরে জানান, তার কাছে চাঁদা চাওয়া হয়নি। এ বক্তব্য পরিবর্তন নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হয়।
এর মধ্যে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ-উর রহমান বলেন, সালমান মুক্তাদিরসহ সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ও ভাইরাল ব্যক্তিরা ভবিষ্যতে বক্তব্য ও কর্মকাণ্ডে আরও দায়িত্বশীল হবেন বলে তিনি আশা করেন।



মন্তব্য করুন