আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে আয়োজন নিশ্চিত করতে দেশজুড়ে পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা মনিটরিং ব্যবস্থা চালু থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ সদর দপ্তরে ২৪ ঘণ্টা মনিটরিং টিম থাকবে। পাশাপাশি জেলা ও বিভাগীয় পর্যায়েও মনিটরিং ব্যবস্থা চালু থাকবে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত তথ্য পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের (এনটিএমসি) একটি অ্যাপ ব্যবহার করা হবে। জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রতিটি পূজামণ্ডপের স্বেচ্ছাসেবকদের নাম, ফোন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট থানায় দেওয়ার অনুরোধ করা হয়েছে। তথ্য যাচাইয়ের পর প্রয়োজন অনুযায়ী তাদের পরিচয়পত্র দেওয়া হবে।

সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেও ব্যবস্থা নেওয়া হয়েছে। বিদ্যুৎ চলে গেলে তাৎক্ষণিক বিকল্প হিসেবে জেনারেটর এবং প্রয়োজনে চার্জার লাইট প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এবার দেশে প্রায় ৩৩ হাজার ৮০০টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের প্রায় ৩২ হাজারের তুলনায় বেশি। সরকারি বরাদ্দও বাড়িয়ে পাঁচ কোটি টাকা করা হয়েছে বলে তিনি জানান।

এখন পর্যন্ত কোনো পূজামণ্ডপকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়নি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে ঝুঁকির কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।