দেশের কোথাও এলপি গ্যাসের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে জেলা প্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত এক অনলাইন বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, দেশে এলপি গ্যাসের সরবরাহে কোনো ঘাটতি নেই। তবে কোনো কোনো এলাকায় কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছে। সরবরাহ স্বাভাবিক থাকার পরও কোথায় কেন সংকট দেখা দিচ্ছে এবং অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে কি না, সে বিষয়ে তথ্য-প্রমাণসহ প্রতিবেদন পাঠাতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি জানান, জেলা প্রশাসকদের কাছ থেকে তথ্য পাওয়ার পর আমদানিকারক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যেসব এলাকায় সরবরাহ কম রয়েছে, সেখানে সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
মন্ত্রী সতর্ক করে বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত দামের বেশি নেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এলপিজির সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের আরও সতর্ক ও সক্রিয় থাকার নির্দেশও দেন তিনি।



মন্তব্য করুন