কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি ও আপত্তিকর মন্তব্যের অভিযোগে আটক স্কুলশিক্ষক গোলাম কিবরিয়া লালনকে প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপদে তার বাসায় পৌঁছে দিয়েছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়ক এলাকা থেকে ওই শিক্ষককে আটক করা হয়। পরে তাকে থানায় নিয়ে যায় পুলিশ।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) মাহদী আমিন বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এক ফেসবুক পোস্টে বিষয়টি জানান।
তিনি বলেন, শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীর বিষয়ে শিক্ষকের মন্তব্যকে কেন্দ্র করে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও বাসিন্দাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভের পর পুলিশ ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষুব্ধ হন এবং সংশ্লিষ্ট থানাকে শিক্ষককে সসম্মানে ছেড়ে দিয়ে নিরাপদে তার বাসায় পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। পরে পুলিশের পক্ষ থেকে তাকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রী মনে করেন, মানুষের মধ্যে মতের ভিন্নতা থাকতেই পারে এবং প্রত্যেকের দৃষ্টিভঙ্গি ও মতামতের প্রতি সম্মান দেখানো উচিত। কারও মতের সঙ্গে একমত না হলেও তার মতপ্রকাশের অধিকারকে সম্মান করা প্রয়োজন।
তিনি আরও বলেন, ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান গণতন্ত্রের শক্তি। ইতিবাচক আচরণ, পারস্পরিক সম্মান ও সহাবস্থানের সংস্কৃতি সমাজকে আরও শক্তিশালী করবে বলে প্রধানমন্ত্রী বিশ্বাস করেন।

মন্তব্য করুন