ময়মনসিংহে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে শিশুসহ সাতজন নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে পূর্ব গন্দ্রপা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, দুর্ঘটনার সময় সিএনজিচালিত অটোরিকশাটিতে সাতজন যাত্রী ছিলেন। সংঘর্ষের পর অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে তাদের সবাই নিহত হন।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন জামালপুর সদর উপজেলার দড়িহামিদপুর গ্রামের রাশিদা বেগম (৭০), তার ছেলে মোফাজ্জল হোসেন (৫০), মোফাজ্জলের মেয়ে মর্জিনা আক্তার (২৫) এবং মর্জিনার ছেলে মিনান (৫)। তারা জামালপুর থেকে গাজীপুরে যাচ্ছিলেন। মোফাজ্জল সেখানে রাজমিস্ত্রির কাজ করতেন।
নিহত অপর তিনজনের পরিচয় এখনও জানা যায়নি। তাদের সঙ্গে থাকা মুঠোফোনসহ বিভিন্ন সূত্রের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
ফায়ার সার্ভিসের ময়মনসিংহ স্টেশন অফিসার মোহাম্মদ জুলহাস উদ্দিন জানান, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। সেখানে জামালপুরগামী রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে ময়মনসিংহ বাইপাসগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা অটোরিকশাটি থেকে নিহতদের উদ্ধার করেন।
দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে চলে গেলেও পরে পুলিশ সেটি আটক করে রেকার দিয়ে জব্দ করে। তবে চালক ও সহকারীকে পাওয়া যায়নি। তাদের আটকের চেষ্টা চলছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তার ধারণা, অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। নিহতদের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে বাসটি সরিয়ে অটোরিকশার ভেতর থেকে নিহতদের উদ্ধার করা হয়। স্থানীয়দের অভিযোগ, সড়কটিতে যানবাহনের চাপ বাড়ার সঙ্গে দুর্ঘটনাও বাড়ছে। দুর্ঘটনা কমাতে সড়কটি চার লেনে উন্নীত করার পাশাপাশি চালকদের আরও সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে।

মন্তব্য করুন