বিশ্বের বিভিন্ন প্রান্তে সহিংসতা বাড়তে থাকায় মহাত্মা গান্ধীর অহিংসা ও ভ্রাতৃত্বের বার্তা এখন আরও বেশি প্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।
শুক্রবার (২ অক্টোবর) মহাত্মা গান্ধী ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।
দিনেশ ত্রিবেদী বলেন, বহু বছর পেরিয়ে গেলেও মানবতার প্রতি মহাত্মা গান্ধীর দেওয়া ভালোবাসা, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা মানুষের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ। বর্তমান বিশ্বে যখন বিভিন্ন অঞ্চলে সহিংসতা বাড়ছে, তখন তাঁর অহিংসার শিক্ষা নতুন করে গুরুত্ব পাচ্ছে।
ভারতীয় হাইকমিশনার বলেন, মহাত্মা গান্ধী অহিংস আন্দোলনের অন্যতম প্রধান প্রবক্তা ছিলেন। তাঁর দেখানো পথ শুধু ভারতেই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে শান্তি ও মানবতার বার্তার সঙ্গে যুক্ত হয়ে আছে।
তিনি বলেন, সময়ের পরিবর্তন হলেও মানবতার জন্য গান্ধীর দেওয়া আদর্শের প্রাসঙ্গিকতা শেষ হয়নি। বরং সংঘাতপূর্ণ বর্তমান বিশ্বে অহিংসা ও ভ্রাতৃত্বের চেতনা আরও বেশি প্রয়োজন।
বার্তায় লাল বাহাদুর শাস্ত্রীর অবদানের কথাও স্মরণ করেন দিনেশ ত্রিবেদী। তিনি বলেন, শাস্ত্রীর দেওয়া ‘জয় জওয়ান, জয় কিষান’ স্লোগান ভারতের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর সঙ্গে ‘জয় বিজ্ঞান, জয় অনুসন্ধান’ যুক্ত করেছেন।
দিনেশ ত্রিবেদী আরও বলেন, মহাত্মা গান্ধী আজও বিশ্বজুড়ে ভালোবাসা ও শ্রদ্ধার ব্যক্তিত্ব। মানবতার জন্য তাঁর দেওয়া বার্তা ও মূল্যবোধ ভবিষ্যতেও মানুষের কাছে প্রাসঙ্গিক থাকবে। ২ অক্টোবর তাঁর জন্মবার্ষিকী একই সঙ্গে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবেও পালিত হয়।

মন্তব্য করুন