নরসিংদী শহরের চৌয়ালা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে বাবু ওরফে আব্দুল্লাহ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বড় ভাই রুবেল (৩০) ও প্রতিপক্ষের মিরাজ (২০) আহত হয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে লোকমান হোসেন পৌর মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে এ সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। বাবু চৌয়ালা এলাকায় ঝালমুড়ি বিক্রি করতেন।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, চৌয়ালা এলাকায় হেলাল ও আবু লাল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে বিভিন্ন সময় সংঘর্ষের ঘটনাও ঘটেছে। সম্প্রতি দুই পক্ষের কয়েকজনের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে বিরোধ আরও বেড়ে যায়।

শুক্রবার বিকেলে আবু লাল গ্রুপের সদস্যরা হেলাল গ্রুপের ওপর হামলা চালালে পাল্টা প্রতিরোধের ঘটনা ঘটে। একপর্যায়ে বাবু গুলিবিদ্ধ হন। একই ঘটনায় তার ভাই রুবেল আহত হন এবং প্রতিপক্ষের মিরাজ ধারালো অস্ত্রের আঘাতে আহত হন।

নিহতের ভাই রুবেল অভিযোগ করেন, আবু লাল ২০ থেকে ২৫ জনকে নিয়ে এসে তার ভাইকে গুলি করে হত্যা করেছেন। তবে আহত মিরাজ অভিযোগ অস্বীকার করে বলেন, বাবুই প্রথমে তার হাতে কোপ দেন।

নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক ডা. খায়রুল ইসলাম জানান, বাবুর বুকে ও হাতে আঘাতের চিহ্ন ছিল। মিরাজের দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। রুবেলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। মিরাজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

নরসিংদী মডেল থানার ওসি এ আর এম আল মামুন বলেন, দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। মিরাজ পুলিশ হেফাজতে চিকিৎসাধীন। নিহত বাবুর বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।