রাশিয়ার বিশেষায়িত এয়ার কার্গো বিমানে করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানির প্রথম চালান বাংলাদেশে পৌঁছেছে। আকাশপথের জটিলতা কাটিয়ে শুক্রবার (২ অক্টোবর) রাত ১১টা ৪৫ মিনিটে বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
জানা গেছে, রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম জ্বালানি অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে কয়েকটি চালানে রাশিয়া থেকে বাংলাদেশে আনা হবে। এবারের চালানটি সেই ধারাবাহিকতার প্রথম। পর্যায়ক্রমে দ্বিতীয় ইউনিটের প্রয়োজনীয় পুরো পারমাণবিক জ্বালানি দেশে আনা হবে। এর আগে রূপপুরের প্রথম ইউনিটের জন্যও রাশিয়া থেকে পারমাণবিক জ্বালানি বাংলাদেশে এসেছে।
প্রথম চালানটি গত ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা থাকলেও আকাশপথ ব্যবহারের অনুমতি-সংক্রান্ত জটিলতার কারণে নির্ধারিত সময়ে বিশেষ বিমানটি আসতে পারেনি। পরে নতুন সূচি অনুযায়ী ২ অক্টোবর এটি ঢাকায় পৌঁছায়। এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের নিরাপত্তা ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটি পরীক্ষাও সফল হয়েছে। ইউনিটটির চাপচালিত ত্রাণ ভাল্বের পরীক্ষা ১৬ মেগাপাসকেলে সফলভাবে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে নির্ধারিত চাপের পরীক্ষা শেষ হয়েছে।
এখন ভাল্বটির প্রায় ১৮ মেগাপাসকেল চাপের পরবর্তী পরীক্ষা করার কথা রয়েছে। প্রথম ইউনিটের এই গুরুত্বপূর্ণ নিরাপত্তা পরীক্ষা সফল হওয়ায় পরবর্তী ধাপের পরীক্ষার প্রস্তুতি চলছে।


মন্তব্য করুন