রাজধানীর উত্তরা এলাকায় সাবেক সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমনের বাসা থেকে গ্রেপ্তার ১৪ আসামিকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার প্রস্তুতির অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছিল।

শুক্রবার (২ অক্টোবর) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো ১৪ জন হলেন মো. ইয়াকুব হোসাইন রাজিব (২৬), আরাফাত মিয়া (২২), রিফাত হাওলাদার (১৯), হৃদয় হাসান (২১), ফাহিম (১৯), রাজিব হোসেন রানা (২৪), মো. ফিরোজ (২৬), মো. আরিফ (২৮), মো. ওমর ফারুক (২১), আব্দুল্লাহ আল আমান (১৯), মো. আব্দুল্লাহ আল নোমান (২১), মো. সোহানুর হোসেন শাহীন (২২), মো. হাসিব (১৯) ও মো. হাসিব মিয়া (২৩)। এর আগে ২৯ সেপ্টেম্বর আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। একই মামলায় ফারজানা (২১) নামে এক নারী আসামির এক দিনের রিমান্ডও মঞ্জুর করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর বিকেলে উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কে শওকত হাসানুর রহমান রিমনের বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের অভিযোগ, সেখানে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা রাষ্ট্রকে অস্থিতিশীল করা এবং রাষ্ট্রীয় অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও সন্ত্রাসী কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছিলেন। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

পুলিশের দাবি, অভিযানের সময় একটি কক্ষের টেবিলের ড্রয়ার থেকে স্বেচ্ছাসেবক লীগের বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়ন কমিটির পদপ্রত্যাশী ২০ জনের নাম ও জীবনবৃত্তান্ত লেখা ২০টি পৃষ্ঠা উদ্ধার করা হয়। মামলার তদন্তে এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।