ঢাকার মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউয়ের সেন্ট পল স্কুল অ্যান্ড চার্চ থেকে ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টা চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তুহিন ও বাদশা। পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে তুহিনের বিরুদ্ধে মোহাম্মদপুর ও আদাবর থানায় আরও কয়েকটি মামলা রয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, চোরেরা রিকশায় করে ঘণ্টাটি নিয়ে যাওয়ার সময় আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজে তাদের গতিবিধি ধরা পড়ে। পরে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে চুরি যাওয়া প্রায় ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টাটি অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের একটি ডাস্টবিনের পাশ থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ঘণ্টাটি পাওয়া যায়।

পুলিশ জানায়, আসাদ অ্যাভিনিউয়ে ওয়াসা ভবনের বিপরীতে অবস্থিত সেন্ট পল স্কুল অ্যান্ড চার্চের দ্বিতীয় তলার খোলা জায়গায় ঘণ্টাটি রাখা ছিল। বুধবার দিবাগত রাত ১২টার পর কোনো একসময় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা সেটি চুরি করে নিয়ে যায়। ভোর সাড়ে ৪টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

পরে ঘণ্টা উদ্ধার ও জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল অভিযান শুরু করে। পুলিশের ধারণা, অভিযানের চাপের মুখে চোরেরা ঘণ্টাটি রাস্তায় ফেলে পালিয়ে যায়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হামিদ জানান, চুরির আগে রাত ১২টা ৩ মিনিট থেকে চার্চের সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং বন্ধ ছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি আশপাশের বিভিন্ন ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়েছে।