আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর বিপক্ষে গোলের ঝড় তুলেছে আর্জেন্টিনা। মনুমেন্তাল স্টেডিয়ামে প্রতিপক্ষকে ৭-০ গোলে হারিয়ে বড় জয় তুলে নিয়েছে লিওনেল স্কালোনির দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। বক্সে আগুস্তিন গিয়াইকে ফাউল করায় পেনাল্টি পায় তারা। লাওতারো মার্তিনেসের প্রথম শট গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি বলে গোল করেন এই ফরোয়ার্ড। টানা দ্বিতীয় ম্যাচে গোল পেলেন তিনি।

এর কিছুক্ষণ পর বুরকিনা ফাসোর ডিফেন্ডার মৌমুনি দিয়ালোর ক্লিয়ার করার চেষ্টা থেকে আত্মঘাতী গোল হয়। ম্যাচের প্রথম আট মিনিটেই দুই গোল হজম করে চাপে পড়ে আফ্রিকার দলটি।

১২ মিনিটে জিয়ালুকা প্রেস্টিয়ানি বক্সে ঢুকে শক্তিশালী শটে আর্জেন্টিনার জার্সিতে নিজের প্রথম গোল করেন। এরপর নিকো পাজ ব্যবধান বাড়ান। প্রথমার্ধেই পঞ্চম গোলটি করেন হুলিয়ান আলভারেস। দীর্ঘ বিরতির পর জাতীয় দলের হয়ে গোলের দেখা পান আলভারেস। বলিভিয়ার বিপক্ষে আগের ম্যাচে গোল করা নিকো পাজও এ ম্যাচে নিজের ধারাবাহিকতা ধরে রাখেন।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে আর্জেন্টিনার হয়ে নিজের প্রথম গোল করেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। গোলরক্ষকের সঙ্গে একের বিপরীতে এক অবস্থায় সুযোগটি কাজে লাগান তিনি। ম্যাচের শেষ দিকে ভালেন্তিন বার্কোর ক্রস থেকে বল পেয়ে সপ্তম গোলটি করেন জুলিয়ানো সিমিওনে। তাতেই পূর্ণতা পায় আর্জেন্টিনার গোল উৎসব।

৭-০ গোলের এই জয় স্কালোনির অধীনে আর্জেন্টিনার সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ডের সঙ্গে সমান হয়ে গেল। ২০২৩ সালে কুরাসাওয়ের বিপক্ষেও একই ব্যবধানে জয় পেয়েছিল আলবিসেলেস্তেরা।