হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতার ভেতর বিশেষ কায়দায় লুকানো ৮০টি স্বর্ণেরবার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৪ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।
রোববার (৪ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে অবস্থান নেয় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। পরে দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইন্সের ইকে০৫৮২ ফ্লাইটের দুই বিমানকর্মীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে তাদের পরিহিত জুতার ভেতর বিশেষভাবে লুকানো স্বর্ণেরবারগুলো পাওয়া যায়। কর্মকর্তারা ৮০টি স্বর্ণেরবার উদ্ধার করেন। প্রতিটি বারের ওজন প্রায় ১১৭ গ্রাম বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা সূত্র।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিমানকর্মীদের জুতার ভেতর স্বর্ণ লুকিয়ে আনার ঘটনা চোরাচালানের অভিনব কৌশল। উদ্ধার হওয়া স্বর্ণ কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, কার নির্দেশে আনা হয়েছে এবং ঢাকায় কার কাছে তা পৌঁছে দেওয়ার কথা ছিল—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সংঘবদ্ধ একটি চক্র বিমানকর্মীদের ব্যবহার করে স্বর্ণ চোরাচালানের চেষ্টা করেছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা জানতে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।



মন্তব্য করুন