দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৯ জন।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬২ জনে। এর মধ্যে সেপ্টেম্বরেই মারা গেছেন ১৪৮ জন। অক্টোবরের প্রথম তিন দিনে মৃত্যু হয়েছে ১৭ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন রোগীসহ চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬ হাজার ৪৫৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৮৬৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮০ হাজার ৩৪৭ জন।
নতুন রোগী ভর্তির হিসাবে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে ঢাকা বিভাগে। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে ৮১৬ জন ভর্তি হয়েছেন। এছাড়া খুলনায় ৩৩০, চট্টগ্রামে ৩২৪, রাজশাহীতে ২২৪, বরিশালে ২০৩, ময়মনসিংহে ৯৯ এবং রংপুরে ৮৩ জন ভর্তি হয়েছেন।

মন্তব্য করুন