আগামী এক বছরের মধ্যে বাংলাদেশের পুঁজিবাজারে বড় ধরনের পরিবর্তন আসবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, দেশের আর্থিক কাঠামো ও অর্থায়ন ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে। বিদেশি উন্নয়ন সহযোগীদের অর্থের ওপর নির্ভরতা কমিয়ে দেশের নিজস্ব পুঁজিবাজার ও বন্ড বাজারকে অর্থায়নের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, উচ্চ সুদের ব্যাংকঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা কমাতে হবে। অর্থের ব্যয় কমানো না গেলে বাংলাদেশের ব্যবসা ও শিল্প আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না।

বড় অবকাঠামো প্রকল্পের সম্পদ ও ভবিষ্যৎ আয় কাজে লাগিয়ে অর্থ সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এ ক্ষেত্রে পদ্মা ও যমুনা সেতুর সম্পদকে কাজে লাগানোর পরিকল্পনার কথা উল্লেখ করেন অর্থমন্ত্রী।

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে হলে নিজস্ব অর্থায়ন সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

এ সময় আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনার অপেক্ষায় না থেকে নিজেদের কার্যক্রমে স্বনিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আহ্বান জানান আমির খসরু।