ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামির পাঁচ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ০৫ জুন ২০২৬   ৩০ বার পঠিত
লাল টেলিফোনের তার চুরি, দুই আসামির পাঁচ দিনের রিমান্ড

ছবি: -সংগৃহীত

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের সংযোগ তার চুরির মামলায় সচিবালয়ের আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্র এবং ভাঙারি ব্যবসায়ী রিজাকুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির এসআই ইনজামুল হক দুই আসামির সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, সচিবালয়ের পুরোনো ও নতুন এক নম্বর ভবনের মধ্যে স্থাপিত কপার কেব্‌লের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের লাল টেলিফোন সংযোগ সচল রাখা হতো। কেব্‌ল কেটে ফেলার ঘটনায় এসব গুরুত্বপূর্ণ যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়।

তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার সচিবালয়ের আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্রকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তার চুরির কথা স্বীকার করেন। তিনি জানান, গত ২২ মে চুরি করা প্রায় ৮ কেজি ২০০ গ্রাম তামার তার একটি ভাঙারি দোকানে বিক্রি করেন।

রঞ্জনের দেওয়া তথ্যের সূত্র ধরে সিটিটিসি অভিযান চালিয়ে ভাঙারি ব্যবসায়ী রিজাকুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে চকবাজার এলাকার একটি ভাঙারি গুদাম থেকে চুরি হওয়া তার উদ্ধার করা হয়।

ঘটনায় বিটিসিএলের এক কর্মকর্তা শাহবাগ থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ বলছে, চুরির পুরো ঘটনার সঙ্গে জড়িত অন্য কোনো ব্যক্তি রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930