আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দোকানপাট ও বিপণিবিতান রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সুযোগ চেয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের কাছে সম্প্রতি চিঠি দিয়েছে সংগঠনটি।
সোমবার (৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।
চিঠিতে ব্যবসায়ীরা বলেন, জ্বালানি সাশ্রয়ের জন্য সরকারের নির্দেশনা অনুযায়ী দীর্ঘদিন ধরে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ করা হচ্ছে। তবে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও জ্বালানি সংকটের কারণে ব্যবসায়ীদের বিক্রি কমে আর্থিক চাপ বেড়েছে।
ব্যবসায়ী নেতাদের মতে, ঈদ ও দুর্গাপূজার মতো উৎসবের সময়ে সাধারণত কেনাকাটা বাড়ে। তাই এ সময়ে দোকান খোলার সময় বাড়ানো হলে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা উপকৃত হবেন।
তারা জানান, বর্তমানে লোডশেডিং পরিস্থিতিও নিয়ন্ত্রণে এসেছে। এ কারণে ৫ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত দোকান ও বিপণিবিতান খোলা রাখার অনুমতি চান তারা।
এর আগে জ্বালানি সংকটের কারণে গত এপ্রিল মাসে দোকান বন্ধের সময় সন্ধ্যা ৬টা করা হয়েছিল। পরে কয়েক দফায় সময়সীমা বাড়িয়ে সর্বশেষ ১২ আগস্ট থেকে রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হয়। বর্তমানে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান ও বিপণিবিতান খোলা রাখা যাচ্ছে।
দুর্গাপূজার বেচাকেনা বাড়াতে এবার সেই সময় আরও দুই ঘণ্টা বাড়ানোর দাবি জানিয়েছে ব্যবসায়ীদের সংগঠনটি।

মন্তব্য করুন