বাংলাদেশি নাগরিকদের জন্য ইন্দোনেশিয়ায় ভিসা-অন-অ্যারাইভাল পুনরায় চালুর অনুরোধ জানিয়েছে ঢাকা। একই সঙ্গে দুই দেশের সম্পর্ককে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্বে উন্নীত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রী আনিস মাত্তা। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা, প্রশিক্ষণ ও কনস্যুলার সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ পাঁচটি সুনির্দিষ্ট প্রস্তাব দেয়। এর মধ্যে বাংলাদেশিদের জন্য ভিসা-অন-অ্যারাইভাল চালু, ইন্দোনেশিয়ায় বাংলাদেশি ওষুধের রপ্তানি বাড়ানো, সরকারি পর্যায়ে চুক্তির মাধ্যমে পাটের ব্যাগ আমদানি এবং দেশটির কফি ও বিভিন্ন পণ্যের পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে এসব ব্যাগ ব্যবহারের প্রস্তাব রয়েছে।
এ ছাড়া ইন্দোনেশিয়ার বাজারে বাংলাদেশি আলু প্রবেশের সুযোগ তৈরি এবং দুর্যোগ ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের প্রস্তাব দেওয়া হয়। এ বিষয়ে একটি সমঝোতা স্মারকের খসড়াও হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিতে সেপার দিকে অগ্রসর হওয়ার আহ্বান জানায়। অন্যদিকে আনিস মাত্তা ঢাকা-জাকার্তার মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালুর সম্ভাবনা খতিয়ে দেখার প্রস্তাব দেন।
রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন এবং বিভিন্ন আঞ্চলিক ফোরামে বাংলাদেশের প্রতি ইন্দোনেশিয়ার সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও আলোচনা হয়।

মন্তব্য করুন