বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি নির্বাচিত সরকারকে বিপাকে ফেলা এবং দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত দোসররা নানা ধরনের তৎপরতা চালাচ্ছে। তারা নাশকতামূলক কর্মকাণ্ডেও জড়িত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান রিজভী।
বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানের আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি সাধারণ মানুষেরও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। আগে থেকেই সচেতনতা তৈরি করা গেলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে বাড়ির আশপাশে জমে থাকা ও পচা পানি দ্রুত পরিষ্কার করার নির্দেশ দিয়েছেন, যাতে মশার প্রজননস্থল তৈরি না হয়। পাশাপাশি ডেঙ্গু পরীক্ষার জন্য আগে যে অর্থ নেওয়া হতো, বর্তমানে তা বিনামূল্যে করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, তারেক রহমানের সরকার জনগণের সরকার। কোনো ধরনের নৈরাজ্য বা অপরাধকে সরকার প্রশ্রয় দেবে না।
এ সময় পুলিশের ভ্যান থেকে একজন শীর্ষ সন্ত্রাসী কীভাবে পালিয়ে যেতে পারে, তা নিয়েও প্রশ্ন তোলেন রিজভী।

মন্তব্য করুন