ছবি: -সংগৃহীত
বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল। আক্রমণাত্মক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে মিশরকে ২-১ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
কার্লো আনচেলত্তির শিষ্যদের হয়ে গোল করেন ব্রুনো গ্যুইমারেস ও তরুণ ফরোয়ার্ড এন্ড্রিক। মিশরের একমাত্র গোলটি করেন মোস্তফা জিকো।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। সপ্তম মিনিটে মিশরের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্রুনো গ্যুইমারেস ব্রাজিলকে এগিয়ে দেন। তবে চার মিনিট পরই সমতায় ফেরে মিশর। ব্রাজিলের ডিফেন্ডার মার্কিনহোসের ভুলের সুযোগ নিয়ে জোরালো শটে গোল করেন মোস্তফা জিকো।
১-১ সমতায় প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই একাধিক পরিবর্তন আনেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। বিশ্বকাপের আগে স্কোয়াডের বিভিন্ন খেলোয়াড়কে যাচাই করতেই তিনি এই পরিবর্তনের পথে হাঁটেন।
কোচের পরিকল্পনা দ্রুতই ফল দেয়। ম্যাচের ৫২তম মিনিটে মাঝমাঠ থেকে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত শটে জাল খুঁজে নেন ১৯ বছর বয়সী এন্ড্রিক। তার গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল।
গোল শোধে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যায় মিশর। তবে ব্রাজিলের রক্ষণভাগকে আর ভাঙতে পারেনি আফ্রিকার দলটি। ফলে এন্ড্রিকের গোলই ম্যাচের ব্যবধান গড়ে দেয়।
বিশ্বকাপের আগে এই জয় ব্রাজিল শিবিরে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। অন্যদিকে হারলেও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স দেখিয়ে ইতিবাচক বার্তা দিয়েছে মিশর।