সৌদি আরবগামী ফ্লাইট বাতিল হওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া হাজারো প্রবাসী শ্রমিকের থাকা-খাওয়ার ব্যবস্থা ও আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে দেওয়া এক বিবৃতিতে এ দাবি জানান দলটির কেন্দ্রীয় প্রবাসীকল্যাণ ও শ্রমবিষয়ক সম্পাদক এবং ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান।
বিবৃতিতে তিনি বলেন, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুতিদের হামলার প্রেক্ষাপটে ৬০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী শ্রমিক ঢাকার বিমানবন্দরে আটকা পড়েছেন। বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আটকে পড়া যাত্রীর সংখ্যা প্রায় আট হাজার। প্রতিনিয়ত এ সংখ্যা বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি।
মাওলানা খলিলুর রহমান বলেন, আটকে পড়া এসব শ্রমিকের অধিকাংশই সীমিত আয়ের মানুষ। ঢাকায় তাদের পর্যাপ্ত থাকা-খাওয়ার ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসী শ্রমিকদের এই সংকট মোকাবিলায় সরকারকে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও বলেন, ফ্লাইট বাতিলের কারণে শ্রমিকেরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। নির্ধারিত সময়ে সৌদি আরবে পৌঁছাতে না পারায় তাদের কর্মসংস্থান ও যাত্রা পরিকল্পনাও অনিশ্চয়তার মুখে পড়তে পারে।
এ পরিস্থিতিতে আটকে পড়া যাত্রীদের নিরাপদ আবাসন, খাবার এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার পাশাপাশি ফ্লাইট বাতিলজনিত ক্ষতির উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
একই সঙ্গে বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের টিকিটের টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা।

মন্তব্য করুন