কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নেতৃত্ব পরিবর্তন ও নতুন আমির নির্বাচনকে কেন্দ্র করে দলটির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের ব্যক্তিগত গাড়িও ভাঙচুর করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর মোগলটুলীর ফারুকী হাউসে অবস্থিত দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও থানায় কোনো মামলা বা লিখিত অভিযোগ দায়ের হয়নি।

দলীয় সূত্র জানায়, ১৯৯৯ সাল থেকে টানা ২৭ বছর মহানগর আমিরের দায়িত্ব পালন করেন কাজী দ্বীন মোহাম্মদ। সম্প্রতি তাঁকে কেন্দ্রীয় পর্যায়ে নেওয়ার সিদ্ধান্ত এবং একই সঙ্গে দুই নায়েবে আমির মোসলেহ উদ্দিন ও এমদাদুল হক মামুনকে কেন্দ্রের জনশক্তি হিসেবে নেওয়া নিয়ে নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।

গত ২ অক্টোবর জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি দেন। এরপর নতুন আমির নির্বাচন নিয়ে বিরোধ আরও বাড়ে।

প্রথমে ১৬ অক্টোবর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হলেও পরে তা পরিবর্তন করে ১৫ অক্টোবর করা হয়। এ পরিস্থিতিতে বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এটিএম মাছুম বর্তমান আমির ও দুই নায়েবে আমিরকে বাদ দিয়ে তাৎক্ষণিক ভোট গ্রহণের ঘোষণা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে কয়েকজন যুবক সভাস্থলে ঢুকে হট্টগোল করেন। এরপর গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজে মুখোশ পরা এক ব্যক্তিকে গাড়ি ভাঙচুর করতে দেখা গেছে। এ ঘটনায় এবি পার্টির কুমিল্লা নগর আহ্বায়ক গোলাম সামদানীকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে বলে দলটির জেলা আহ্বায়ক জানিয়েছেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।