ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র নবায়নের সময় ২৯ অক্টোবর পর্যন্ত নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বাংলাদেশের সার্বিক সংস্কারে সহযোগিতা করতে চায় ইউএনডিপি ১ সেপ্টেম্বর থেকে প্রয়োজনমতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কার্গো হাব গড়ে ওঠেনি ৪৬ বছরেও, শাহজালালে বছরে ১২১ কোটি টাকার রাজস্বের সম্ভাবনা রাখাইনের যুদ্ধে অনিশ্চিত রোহিঙ্গা প্রত্যাবাসন চট্টগ্রাম-দোহাজারী রেললাইন ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ু, বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস

ছয় দাবিতে সারাদেশে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৭ জুন ২০২৬   ৪১ বার পঠিত
ছয় দাবিতে সারাদেশে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

ছবি: -সংগৃহীত

ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে সারাদেশের সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালগুলোতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। রবিবার (৭ জুন) সকাল থেকে চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহীসহ দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে একযোগে এ কর্মসূচি পালিত হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশও অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন সকাল ৮টা থেকে কর্মবিরতি শুরু করে। আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বেলা ১১টার পর ক্লাস বর্জন করেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরাও। এতে হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের ভোগান্তি বাড়ে।

অন্যদিকে, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা বিক্ষোভ মিছিল শেষে হাসপাতালের পরিচালকের কাছে তাদের ছয় দফা দাবি পেশ করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরাও একই দিনে কর্মবিরতিতে যোগ দেন। রামেক ইন্টার্ন চিকিৎসক পরিষদের ব্যানারে হাসপাতালের প্রধান ফটকে মানববন্ধন করে দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। দাবি পূরণ না হলে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারিও দেন তারা।

আন্দোলনরত চিকিৎসকদের অন্যতম দাবি হলো স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের গত ১৯ মে জারি করা এফসিপিএস প্রশিক্ষণসংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহার এবং নতুন নির্দেশনা প্রণয়ন। তাদের অভিযোগ, সাম্প্রতিক প্রস্তাবনায় ঢাকা মেডিক্যাল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের কিছু বিভাগে নতুন পদায়ন বন্ধ, উপজেলায় দুই বছর বাধ্যতামূলক সেবাদান এবং সীমিত ভাতার বিধান রাখা হয়েছে, যা তারা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

এ ছাড়া ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ন্যূনতম ৩০ হাজার টাকা নির্ধারণ, ট্রেইনি চিকিৎসকদের বেতন আবাসিক ভাতাসহ নবম গ্রেডের সমপর্যায়ে উন্নীত করা, স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এর বাস্তবায়নের দাবিও জানানো হয়েছে।

তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ, বিএমডিসি আইন-২০২৫-কে পূর্ণাঙ্গ আইনে রূপান্তর, ভুয়া চিকিৎসক পরিচয়দানকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রণয়ন।

পাশাপাশি বিএমডিসি ও বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীন ভর্তি পরীক্ষার ফি সর্বোচ্চ এক হাজার টাকার মধ্যে নির্ধারণের দাবিও তুলেছেন আন্দোলনকারীরা।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সাকিব হোসেন বলেন, রোগীদের স্বার্থ বিবেচনায় আমরা প্রথমে ৪৮ ঘণ্টা এবং পরে আরও ২৪ ঘণ্টা সময় দিয়েছিলাম। কিন্তু দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় বাধ্য হয়ে কর্মবিরতিতে যেতে হয়েছে।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি স্বাস্থ্যসেবা সচল রাখতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, ইন্টার্ন চিকিৎসকদের অনুপস্থিতিতেও অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অন্যান্য চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসাসেবা চালু রাখা হয়েছে। তবে দীর্ঘ সময় কর্মবিরতি চললে সেবাদানে জটিলতা তৈরি হতে পারে।

বৃহস্পতিবার থেকেই বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছিলেন ইন্টার্ন চিকিৎসকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031