সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল, এমডি আবেদুর রহমান
নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০৮ জুন ২০২৬ ২৮ বার পঠিত
ছবি: -সংগৃহীত
নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে কাজী শায়রুল হাসানকে চেয়ারম্যান এবং আবেদুর রহমান সিকদারকে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিন বছরের জন্য নিয়োগ দেয়।
তবে দায়িত্ব গ্রহণের আগে তাদের বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র নিতে হবে।
নতুন চেয়ারম্যান কাজী শায়রুল হাসান এর আগে একটি বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে আবেদুর রহমান সিকদার বর্তমানে একটি বেসরকারি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন।
আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। ব্যাংকগুলো হলো— এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক।
নতুন ব্যাংকটি ৩৫ হাজার কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে কার্যক্রম শুরু করছে। এর মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা মূলধন দিয়েছে। বাকি ১৫ হাজার কোটি টাকা সংশ্লিষ্ট ব্যাংকগুলোর আমানতের বিপরীতে শেয়ারে রূপান্তর করা হয়েছে।