https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী জানিয়েছেন, দেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়, যা জাতীয় পর্যায়ের একটি বড় উদ্বেগের বিষয়।
সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, জাতিসংঘের পরিবেশবিষয়ক সংস্থা ইউনেপের ‘ফুড ওয়েস্ট ইনডেক্স ২০২৪’ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
তিনি বলেন, সরকারি ব্যবস্থাপনায় খাদ্যশস্য সংরক্ষণ, গুদাম ও সাইলো ব্যবস্থাপনায় আগের তুলনায় অপচয় অনেক কমেছে। আধুনিক সাইলো নির্মাণ এবং সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে ক্ষতি কমানোর চেষ্টা চলছে।
প্রতিমন্ত্রী আরও জানান, সরকারি খাদ্যশস্য ব্যবস্থাপনায় অপচয় বা ঘাটতির হার ধারাবাহিকভাবে কমছে। ২০২৩-২৪ অর্থবছরে ঘাটতি ছিল প্রায় ২১ হাজার ৩৩০ মেট্রিক টন, যা শতকরা হিসেবে শূন্য দশমিক ৩১৬ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে প্রায় ১৮ হাজার ৮৮৭ মেট্রিক টনে, অর্থাৎ শূন্য দশমিক ২৮ শতাংশ।
তিনি বলেন, খাদ্য অপচয় কমাতে গুদাম ব্যবস্থাপনা আধুনিকায়ন, পরিবহন ও সংরক্ষণে নজরদারি বৃদ্ধি এবং জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।