ছবি: -সংগৃহীত
কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় ডাকাতির ঘটনায় এক গৃহবধূ ও তাঁর কিশোরী মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ৮ থেকে ১০ সদস্যের একটি ডাকাত দল ওই গৃহবধূর বাড়িতে হানা দেয়। তারা ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এবং আলমারি থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে।
অভিযোগ অনুযায়ী, লুটপাটের পর ডাকাত দলের সদস্যরা গৃহবধূ ও তাঁর কিশোরী মেয়েকে দলবদ্ধ ধর্ষণ করে। ঘটনার পর ভুক্তভোগীদের স্বজনরা তাঁদের উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
ভুক্তভোগীর স্বজনরা জানান, ঘটনার পর বাড়িতে গিয়ে মা-মেয়েকে মানসিকভাবে ভেঙে পড়া অবস্থায় পাওয়া যায়। পরে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন রেজাউল করিম (৩৬), তোফাজ্জল হোসেন (২৩), কেফায়েত হোসেন (২৭), মোহাম্মদ তানজিদ (২৪), মেহেদী হাসান (২৪) ও মোহাম্মদ তারেক (২৬)। তারা সবাই একই এলাকার বাসিন্দা।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিক তদন্ত ও ভুক্তভোগীদের শনাক্তের ভিত্তিতে চারজনের ঘটনায় সম্পৃক্ততা পাওয়া গেছে। ঘটনার পূর্ণ তদন্ত চলছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।