https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি বাদল মোড়ল (৩৮) নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা বারুইপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়ল আহত হয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
নিহত বাদল মোড়ল ফকিরহাটের আড়পাড়া গ্রামের বাসিন্দা এবং জাফর মোড়লের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ব্যবসায়িক কাজে বারুইপাড়া এলাকা থেকে ফকিরহাট সদরের উদ্দেশে রওনা হন বাদল মোড়ল ও আব্দুল্লাহ মোড়ল। পথে নিয়তির মাঠ এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা হেলমেটধারী দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদল মোড়লকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুল্লাহ মোড়লকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ হামলার কারণ বা জড়িত ব্যক্তিদের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি পুলিশ। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে।