https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বয়স যেন তার কাছে শুধুই একটি সংখ্যা। ৮৩ বছর বয়সেও কাজের প্রতি অবিশ্বাস্য নিষ্ঠা ও কর্মস্পৃহা দিয়ে আবারও আলোচনায় এসেছেন বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন। সম্প্রতি নিজের ব্যক্তিগত ব্লগে একদিনে ১২টি শর্ট ফিল্মের শুটিং সম্পন্ন করার অভিজ্ঞতা শেয়ার করে ভক্তদের বিস্মিত করেছেন তিনি।
অমিতাভ জানান, একই দিনে তিনি ১২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিংয়ের পাশাপাশি দুটি স্থিরচিত্রের ফটোশুটও শেষ করেছেন। ব্যস্ততার সেই দীর্ঘ দিন শেষে গভীর রাত পর্যন্ত জেগে থেকেও ভক্তদের জন্য ব্লগ লিখতে ভোলেননি এই বর্ষীয়ান অভিনেতা।
রাত প্রায় ৩টার দিকে প্রকাশিত ব্লগে তিনি লেখেন, “কাজই কাজ… কাজই কাজ… কাজই কাজ! আজ ১২টি শর্ট ফিল্মের শুটিং করেছি, দুটি স্টিল শুটও শেষ করেছি। আর এখন তোমাদের জন্য লিখছি।”
তার এই মন্তব্যে স্পষ্ট হয়ে ওঠে, অভিনয় ও কাজের প্রতি তার ভালোবাসা আজও আগের মতোই অটুট। কয়েক দশকের ক্যারিয়ার পেরিয়েও প্রতিটি কাজকে সমান গুরুত্ব দিয়ে দেখেন তিনি।
ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখাকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ অংশ বলেও উল্লেখ করেছেন অমিতাভ। তার ভাষায়, পেশাগত ব্যস্ততা যতই থাকুক, অনুরাগীদের সঙ্গে সম্পর্কের এই বন্ধন কখনও ছিন্ন হওয়া উচিত নয়।
ব্লগে তিনি আরও জানান, প্রতিটি কাজের আগে তিনি গভীরভাবে প্রস্তুতি নেন এবং কোনো অবস্থাতেই সেই প্রস্তুতির ক্ষেত্রে আপস করেন না। দীর্ঘ অভিজ্ঞতা থাকলেও নতুন প্রতিটি কাজকে তিনি নতুন চ্যালেঞ্জ হিসেবেই গ্রহণ করেন।