ঢাকা
২৮ আগস্ট ২০২৬

ইসলামী ব্যাংকে আসছে নতুন পরিচালনা পর্ষদ, আস্থা ফেরাতে দ্রুত পদক্ষেপ

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৫ জুন ২০২৬   ২৭ বার পঠিত
ইসলামী ব্যাংকে আসছে নতুন পরিচালনা পর্ষদ, আস্থা ফেরাতে দ্রুত পদক্ষেপ

ছবি: -সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে দ্রুত একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ পরিচালনা পর্ষদ গঠন করা হবে বলে জানিয়েছেন ব্যাংকের পর্ষদের দায়িত্বপ্রাপ্ত এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন।

সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, বর্তমানে পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই। ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক রাখতে এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আমানতকারীদের নির্বিঘ্নে লেনদেন চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং ব্যাংকের প্রতি আস্থা রাখার অনুরোধ করেন।

মোহাম্মদ জহির হোসেন জানান, যোগ্য, দক্ষ ও সম্পূর্ণ নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে পাঁচ সদস্যের একটি পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের জন্য যাচাই-বাছাই চলছে। খুব শিগগিরই নতুন পর্ষদ দায়িত্ব গ্রহণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, বর্তমানে সীমিত সময়ের জন্য এক সদস্যবিশিষ্ট পর্ষদের দায়িত্ব পালন করছেন তিনি। মূল লক্ষ্য হলো ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন না ঘটতে দেওয়া।

এদিকে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংক থেকে তারল্য সহায়তা হিসেবে আরও ২ হাজার ৫০০ কোটি টাকা পেয়েছে ইসলামী ব্যাংক। তিনি বলেন, প্রাপ্ত অর্থের পুরোটা এখনো ব্যবহার করার প্রয়োজন হয়নি।

গ্রাহকদের আস্থা ধীরে ধীরে ফিরে আসছে বলেও দাবি করেন আলতাফ হোসেন। তার ভাষ্য, একটি বড় শাখার তথ্য অনুযায়ী আগের তুলনায় হিসাব বন্ধের হার প্রায় ৭৫ শতাংশ কমেছে। ফলে ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা পুনর্গঠনের ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

ব্যাংক কর্তৃপক্ষ আশা করছে, নতুন পরিচালনা পর্ষদ গঠন এবং বাংলাদেশ ব্যাংকের সহযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও স্থিতিশীল হবে।