ঢাকা
২৮ আগস্ট ২০২৬

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৭ জুন ২০২৬   ৩০ বার পঠিত
স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার

ছবি: -সংগৃহীত

দেশে একটি স্বাধীন ও কার্যকর গণমাধ্যম কমিশন প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় কর্মপরিকল্পনা (ন্যাশনাল অ্যাকশন প্ল্যান) প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এ তথ্য জানিয়েছেন।

বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। বৈঠকে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা, বাকস্বাধীনতা এবং তথ্যপ্রবাহের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে ভুয়া তথ্য ও অপতথ্যের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দেওয়াও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই দুই বিষয়কে সমন্বয় করেই স্বাধীন গণমাধ্যম কমিশন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের মতামত গ্রহণের মাধ্যমে একটি খসড়া প্রণয়ন কমিটি গঠন করা হবে। ওই কমিটি একটি জাতীয় কর্মপরিকল্পনা প্রস্তুত করে সরকারের কাছে জমা দেবে। পরবর্তীতে সেই পরিকল্পনার ভিত্তিতেই স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হবে।

সাক্ষাৎকালে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং বাংলাদেশ চাইলে এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাবে।