ঢাকা
১৭ আগস্ট ২০২৬

টাকা খরচ করেই মিলবে জেলজীবনের অভিজ্ঞতা

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬   ৭২ বার পঠিত
টাকা খরচ করেই মিলবে জেলজীবনের অভিজ্ঞতা

ছবি: -সংগৃহীত

ভারতের হায়দরাবাদের চঞ্চলগুড়া সেন্ট্রাল জেল সাধারণ মানুষের জন্য চালু করেছে ব্যতিক্রমী এক উদ্যোগ। ‘ফিল দ্য জেল’ নামে এই কর্মসূচির মাধ্যমে নির্দিষ্ট অর্থের বিনিময়ে সাধারণ নাগরিকরা জেলের ভেতরে থেকে বন্দিজীবনের অভিজ্ঞতা নিতে পারবেন।

এই উদ্যোগের আওতায় ২৪ ঘণ্টা জেলজীবনের অভিজ্ঞতা নিতে খরচ হবে ২ হাজার টাকা। আর ১২ ঘণ্টার জন্য গুনতে হবে ১ হাজার টাকা। অংশগ্রহণকারীদের জন্য আলাদা সেল রাখা হয়েছে, যেখানে তাদের জেলের নিয়ম মেনেই থাকতে হবে।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, অংশগ্রহণকারীদের বন্দিদের মতো পোশাক পরতে হবে এবং তাদের জন্য পরিবেশন করা হবে জেলের খাবার। পাশাপাশি জেলের দৈনন্দিন রুটিনও অনুসরণ করতে হবে।

জেল কর্তৃপক্ষের ভাষ্য, সাধারণ মানুষকে বন্দিজীবনের বাস্তবতা সম্পর্কে ধারণা দেওয়া এবং বিশেষ করে তরুণদের মধ্যে আইন মেনে চলার সচেতনতা তৈরি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। তারা মনে করছে, এতে মানুষ স্বাধীনতার মূল্য আরও ভালোভাবে উপলব্ধি করতে পারবে এবং অপরাধ থেকে দূরে থাকার অনুপ্রেরণা পাবে।

সম্প্রতি হায়দরাবাদে একটি জেল সংগ্রহশালারও উদ্বোধন করা হয়েছে। সেখানে নিজাম আমল থেকে আধুনিক কারাগার ব্যবস্থার বিবর্তন তুলে ধরা হয়েছে। সংগ্রহশালায় রয়েছে পুরোনো শেকল, ঐতিহাসিক সেলের প্রতিরূপ এবং বিভিন্ন বন্দির স্মৃতিচিহ্ন।

এছাড়া ঐতিহাসিক বন্দিদের জীবনকাহিনী, কারাগারের পুনর্বাসন কার্যক্রম এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে বন্দিদের অবদানের তথ্যও সেখানে প্রদর্শন করা হচ্ছে।

এর আগে তেলঙ্গানার সাঙ্গারেড্ডি হেরিটেজ প্রিজন মিউজিয়ামে চালু হওয়া ‘একদিনের জেল অভিজ্ঞতা’ ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর এবার চঞ্চলগুড়া সেন্ট্রাল জেলেও একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি তেলঙ্গানার রাজ্যপাল শিবপ্রতাপ শুক্ল এই কর্মসূচি ও নতুন জাদুঘরের উদ্বোধন করেন। তিনি বলেন, একটি আধুনিক সমাজে শুধু শাস্তি নয়, পুনর্বাসন ও দ্বিতীয় সুযোগের বিষয়েও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031