সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমের দুটি মামলায় হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
সোমবার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু।
এর আগে গত ১৫ জুন আশুলিয়া থানার একটি হত্যা মামলা, একটি হত্যাচেষ্টা মামলা এবং মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায় মমতাজ বেগমকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন হাইকোর্ট।
পরে ওই তিন মামলার জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়। এর মধ্যে একটি মামলার বিষয়ে রোববার শুনানি শেষে আদালত কোনো আদেশ দেননি। সোমবার বাকি দুই মামলার জামিন স্থগিত করা হয়।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ১২ মে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
মমতাজ বেগমের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা ও অন্যান্য অভিযোগে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। বর্তমানে এসব মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম চলমান আছে।