ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬

লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা, আহত আরেক মেয়ে

জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬   ২৯ বার পঠিত
লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা, আহত আরেক মেয়ে

ছবি: -সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে একটি ভাড়া বাসায় ঢুকে এক নারী ও তার দুই মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের আরেক সদস্য, যাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার সকালে রায়পুর পৌরসভার গোডাউন রোড এলাকার একটি ভাড়া বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন শাহিনুর বেগম (৩৮), তার বড় মেয়ে সায়মা আক্তার (২১) এবং ছোট মেয়ে শিফা আক্তার (৯)। আহত মেজো মেয়ে ইকরা আক্তার (১৭) বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। সায়মা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ইকরা রায়পুর কাজী ফারুকী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিনুরের স্বামী মো. কামালের মৃত্যু হয়। এরপর থেকে তিনি সন্তানদের নিয়ে রায়পুরে ভাড়া বাসায় বসবাস করছিলেন।

ঘটনার পর স্থানীয় জনতা সন্দেহভাজন এক যুবককে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠায়। তবে তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় জানা যায়নি।

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম জানান, হাসপাতালে আনা পাঁচজনের মধ্যে শাহিনুর বেগম ও তার দুই মেয়েকে মৃত ঘোষণা করা হয়। আহত ইকরাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নিহত ও আহতদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে উত্তেজিত জনতার ছোড়া ইটপাটকেলে পুলিশের অন্তত ৬ থেকে ৭ সদস্য আহত হন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রায়পুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আব্দুর রাশেদ বলেন, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের পরিচয় উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আহত এক যুবককে নজরদারিতে রাখা হয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930