https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বাংলা ওটিটি অঙ্গনে নতুন সংযোজন হিসেবে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘হেডলাইন’। সবচেয়ে বড় আকর্ষণ, এই সিরিজে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন জনপ্রিয় তিন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, চঞ্চল চৌধুরী ও ইয়াশ রোহান। সালেহ সোবহান অনীম পরিচালিত সিরিজটি বৃহস্পতিবার (২৫ জুন) ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পেয়েছে।
মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে সিরিজটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে তিন প্রজন্মের জনপ্রিয় এই তিন অভিনয়শিল্পীকে একসঙ্গে পর্দায় দেখার সুযোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে।
‘হেডলাইন’-এর গল্প আবর্তিত হয়েছে সংবাদমাধ্যম, ক্ষমতার বলয় এবং সমসাময়িক সমাজের নানা বাস্তবতাকে ঘিরে। রহস্য, টানটান উত্তেজনা ও নাটকীয়তায় এগিয়ে চলা গল্পে প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
সিরিজটিতে চঞ্চল চৌধুরীকে দেখা যাবে তার স্বভাবসুলভ শক্তিশালী একটি চরিত্রে। অন্যদিকে অপূর্ব হাজির হয়েছেন একেবারেই ভিন্নধর্মী রূপে। ইয়াশ রোহানও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের মাধ্যমে গল্পে নতুন মাত্রা যোগ করেছেন।
নির্মাতা সালেহ সোবহান অনীম বলেন, ‘চারপাশের নানা অস্থিরতার মধ্যে একটু স্বস্তির গল্পই দর্শকদের উপহার দিতে চেয়েছি। আমরা যেসব গল্প দেখে বড় হয়েছি, যেগুলো আজও মনে দাগ কেটে আছে, সেই আবহ থেকেই ‘হেডলাইন’ নির্মাণ করা হয়েছে। এটি শুধু সাংবাদিকতা বা অনুসন্ধানের গল্প নয়; এর আড়ালে রয়েছে একটি আবেগঘন পারিবারিক গল্পও।’
পরিচালকের নির্মাণশৈলী, শক্তিশালী গল্প এবং তিন জনপ্রিয় অভিনেতার প্রথমবারের মতো একসঙ্গে অভিনয়—সব মিলিয়ে ‘হেডলাইন’ ইতোমধ্যেই ওটিটি দর্শকদের আগ্রহের কেন্দ্রে জায়গা করে নিয়েছে। অনেকের মতে, এটি চলতি বছরের সবচেয়ে আলোচিত বাংলা ওয়েব সিরিজগুলোর একটি হয়ে উঠতে পারে।
অপূর্ব, চঞ্চল চৌধুরী ও ইয়াশ রোহানের পাশাপাশি সিরিজটিতে অভিনয় করেছেন আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, অর্নিল বিরল, রায় রাজন্যাসহ আরও অনেক শিল্পী।