https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়–এর নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ প্রিম্যাচিউর ও স্বল্প ওজনের শিশুকে সফলভাবে সুস্থ করে বাড়ি পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত এক অনুষ্ঠানে মা-বাবা ও স্বজনদের হাতে শিশুদের তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী এ ঘটনাকে বিশ্ববিদ্যালয়ের জন্য “বিরাট সাফল্য” হিসেবে উল্লেখ করেন। তিনি অবস অ্যান্ড গাইনি বিভাগ, ফিটোম্যাটারনাল মেডিসিন বিভাগ এবং নিওনাটোলজি বিভাগের চিকিৎসক ও নার্সদের আন্তরিক সেবার প্রশংসা করেন।
নিওনাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল মান্নান জানান, গত ৫ এপ্রিল ৩০ বছর বয়সী এক মায়ের গর্ভে ৩৩ সপ্তাহ বয়সে সিজারিয়ান সেকশনের মাধ্যমে পাঁচ শিশুর জন্ম হয়। নবজাতকদের মধ্যে ছিল দুই কন্যা ও তিন পুত্র।
জন্মের সময় শিশুদের ওজন ছিল যথাক্রমে ১৪২০ গ্রাম, ১২৫০ গ্রাম, ১৪১০ গ্রাম, ৯৮৫ গ্রাম এবং ১৬২৫ গ্রাম। অপরিণত অবস্থার কারণে তাদের শ্বাসকষ্ট দেখা দিলে সবাইকে এনআইসিইউতে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানান, শিশুদের চিকিৎসায় জন্মের এক ঘণ্টার মধ্যেই বুকের দুধ খাওয়ানো, সিপ্যাপ সাপোর্ট, সংক্রমণ প্রতিরোধে নিয়মিত হাত ধোয়া এবং ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) বিশেষ ভূমিকা রেখেছে।
নিবিড় পর্যবেক্ষণ ও ধারাবাহিক পরিচর্যার ফলে শিশুদের অবস্থার দ্রুত উন্নতি হয়। পরে ফলো-আপ কেয়ারের জন্য তাদের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
বর্তমানে পাঁচ শিশুই সুস্থ রয়েছে এবং তাদের ওজনও ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।