https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বর্তমান সরকার রাষ্ট্র ও সমাজব্যবস্থার গুণগত পরিবর্তনের লক্ষ্যে দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে কাজ করতে চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র মেরামতের উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে আয়োজিত ‘জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ।
মন্ত্রী বলেন, এই পরিবর্তনের উদ্যোগ কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; বরং রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যেই নেওয়া হয়েছে।
চলচ্চিত্রকে সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম হিসেবে উল্লেখ করে তিনি বলেন, যারা ব্যক্তিগত লাভের চিন্তা বাদ দিয়ে দেশপ্রেম, মানবকল্যাণ ও শিল্পচর্চার অনুপ্রেরণায় চলচ্চিত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন, রাষ্ট্রকে তাদের পাশে দাঁড়াতে হবে।
তিনি আরও বলেন, সমাজ ও সভ্যতার অগ্রগতিতে ‘সফট পাওয়ার’ বা মেধাভিত্তিক শক্তির গুরুত্ব অনেক বেশি। একই সঙ্গে সবাইকে মুক্ত ও স্বাধীন চিন্তার চর্চার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো গোষ্ঠী বা মতাদর্শের অন্ধ অনুসারী হলে প্রকৃত মুক্ত চিন্তা সম্ভব নয়।