https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলার রায় আজ (মঙ্গলবার) ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেবেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। রায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে।
এ মামলায় ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে আন্দোলনকারীদের বিরুদ্ধে বলপ্রয়োগে উসকানি, ‘শুট অ্যাট সাইট’ সিদ্ধান্ত বাস্তবায়নে সহায়তা, আন্দোলনকারীদের তালিকা তৈরির নির্দেশ, দমন-পীড়নে মারণাস্ত্র ব্যবহারের পরিকল্পনা এবং গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দেওয়া।
সবচেয়ে গুরুতর অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়া শহরে ইউসুফ শেখ, উসামা, সুরুজ আলী, আশরাফুল ইসলাম, বাবলু ফরাজী ও আবদুল্লাহ আল মুস্তাকিনকে হত্যার নির্দেশ দেন ইনু। একই সঙ্গে সারা দেশে আন্দোলনকারীদের বিরুদ্ধে সহিংসতা চালানোর অভিযোগও আনা হয়েছে।
রাষ্ট্রপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৫ মার্চ মামলার তদন্ত শুরু হয়। একই বছরের ১১ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয় এবং ২৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। গত বছরের ২ নভেম্বর অভিযোগ গঠনের পর ৩০ নভেম্বর বিচার শুরু হয়।
মামলায় রাষ্ট্রপক্ষ ১০ জন এবং আসামিপক্ষ ২ জন সাফাই সাক্ষী উপস্থাপন করে। চলতি বছরের ১৩ মে যুক্তিতর্ক শেষ হওয়ার পর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ ছিল। ২২ জুন ট্রাইব্যুনাল ৩০ জুন রায় ঘোষণার দিন নির্ধারণ করেন।